ক্রিপ্টো কারেন্সি লেনদেন: ৬১ জনের ৪৪৫ ব্যাংক হিসাব ফ্রিজ

■ নাগরিক প্রতিবেদক ■

অনলাইন গেমিং, বেটিং, সাইবার স্পেসে জুয়া, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়সহ অনলাইনে প্রতারণার অভিযোগে ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪৪৫টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ মার্চ) সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

সিআইডির পক্ষে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সাইবার ইনভেস্টিগেশনস এন্ড অপারেশনস সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সুমন কুমার সাহা অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা শেখ মো. ওয়াজিহ উদ্দিন অনলাইনে প্রতারিত হয়ে ৫টি হিসাবে মোট প্রায় ৫১ লাখ ১২ হাজার টাকা নগদ জমা দেন বলে অভিযোগ পাওয়া যায়। সংশ্লিষ্ট অর্থের সাথে জড়িত এসএম জুনাইদুল হক, ওমর হীত হিটলু, মেহেদী হাসান তালুকদার ও সংশ্লিষ্ট ৬১ জন ব্যক্তি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকগুলোতে পরিচালিত মোট ৫৯৫ টি হিসাবে মোট প্রায় ১ হাজার ২১২ কোটি টাকা জমা এবং ১ হাজার ২০৭ কোটি টাকা উত্তোলন করার নজির পরিলক্ষিত হয়। 

আরও বলা হয়, লেনদেন পর্যালোচনায় হিসাবগুলোতে সংঘটিত লেনদেনের সাথে সম্পৃক্ত অপরাধ প্রতরণা, অনলাইন গেমিং, বেটিং বা সাইবার স্পেসে জুয়া, হুন্ডি বা দেশি ও বিদেশি মুদ্রা পাচার, ক্রিপ্টো কারেন্সি ক্রয় বিক্রয়, শুল্ক ফাঁকির সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। একারণে তাদের ব্যাংকের হিসাবগুলোর অর্থ ফ্রিজ করা খুবই জরুরি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *