✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে মাসিক সম্মানী ভাতা দিচ্ছে সরকার।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বছর সম্মানীর আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারীরাও সরকারি সহায়তা পাবেন।
চলতি বছরের ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে সম্মানীর আওতায় আনা হয়েছিল। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার আলোকে এবার পরিধি বাড়ানো হয়েছে। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনের পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।
বর্তমানে দেশে ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ কর্মসূচি বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত একটি বিশেষ সেল কাজ করছে।
