ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

■ নাগরিক প্রতিবেদন ■

দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্প‌তিবার (১৮ ডি‌সেম্বর) রাতে লন্ডনের এক‌টি নির্ভরযোগ্য কূটনৈ‌তিক সূত্র এ তথ্য নি‌শ্চিত করেছে।

ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।

আগামী ২৪ ডিসেম্বর দেশে ফেরার বিমান টিকিট কেটেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার ও তার পরিবারের সদস্যদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬টি টিকিট কেটেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে ফ্লাইটটি। ২৫ ডিসেম্বর দেশে অবতরণ করবে। তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন।

প্রয়োজনীয় বুকিং প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। 

এর আগে, গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।

এ‌দি‌কে, আজ বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।

তিনি বলেন, ‘আমরা চাই, তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে, যা কিছু দৃষ্টান্ত হয়েছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন সে রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়। সেভাবে স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে।’

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে। এ সময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমানের নিরাপদ আগমন, বিমানবন্দরের ভেতরে ও বাইরে শৃঙ্খলা রক্ষা এবং যাত্রী ও জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রেখে অভ্যর্থনা কার্যক্রম পরিচালনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আজ বিকেলে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সরেজমিনে বিমানবন্দরে যেখানে তারেক রহমান অবতরণ করবেন, সে জায়গা, কোথা থেকে গাড়িতে উঠবেন এবং সব রাস্তা পরিদর্শন করেছি।’

সালাহউদ্দিন জানান, তারেক রহমান দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তাঁর মাকে দেখতে যেতে পারেন। তাই তাঁকে সংবর্ধনা দেওয়ার জন্য বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে এই আবেদন দেওয়া হয়েছে।

এ কারণে যাত্রীদের যাতায়াত সহজ করতে ২৪ ডিসেম্বর রাতে বিভিন্ন রুটে ট্রেন রিজার্ভ করার উদ্যোগ নিতে চায় বিএনপি।

সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

যে সাতটি রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন বিএনপি করেছে, সেগুলো হচ্ছে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির শীর্ষ এই নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *