হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

■ নাগরিক প্রতিবেদন ■

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেফতার’—এই দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা বলেন, ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’।

একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকেও বায়তুল মোকাররম এলাকায় হাদি হত্যার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। এ সময় বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। আজ শুক্রবার ভোরে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে।

দুপুরে সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় বন্ধ করে দেওয়া হয়েছে। গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। মোড়েই অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। উপস্থিত ছাত্র-জনতা দুই ভাগে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন। আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক শোক মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রাত সাড়ে ১০টার দিকে টিএসসি ও হলপাড়া এলাকা থেকে শিক্ষার্থীরা শোক মিছিল বের করে রাজু ভাস্কর্যে জড়ো হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন। অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।

রাত পৌনে ১২টার দিকে শাহবাগে মিছিলে যুক্ত হন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সাড়ে ১১টায় শাহবাগে আসেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ।

শাহবাগে উপস্থিত হয়ে নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। তিনি বলেন, ‘জান দিয়েছে আমার ভাই, খুনি তোমার রক্ষা নাই, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, আপস না সংগ্রাম, ক্ষমতা না জনতা, তুমি কে আমি কে হাদি হাদি, এক হাদি রক্ত দেবে– লক্ষ হাদি জন্ম নেবে, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, লীগ ধর জেলে ভর’ স্লোগান দেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *