■ নাগরিক প্রতিবেদক ■
৪ মাস পর ‘জুলাই সনদে’ অবশেষে স্বাক্ষর করল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার শপথগ্রহণ করবেন। আমরা একইসঙ্গে দুটো শপথগ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছেন, আমরা তা বাস্তবায়ন করব।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদে সবার শেষ স্বাক্ষর করলেও এই সনদ বাস্তবায়নের জন্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।’
নাহিদ ইসলাম আরও বলেন, নোট অব ডিসেন্ট বাদ রেখে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি। আইনি ভিত্তি না থাকায় এতদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়নি।
এছাড়া নোট অব ডিসেন্টের শর্তেই এনসপি স্বাক্ষর করেছে বলে জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, ‘গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়াতে আমরা সাক্ষর করেছি। শর্ত সাপেক্ষে, নোট অব ডিসেন্টের শর্ত রেখেই সাক্ষর করেছি। দাবি রেখেছি যে, ব্যত্যয় ব্যতিরেকে সংবিধান সংস্কার পরিষদ শপথ গ্রহণ করবেন, এরপর সংসদরা শপথ গ্রহণ করবেন।’
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সনদের বিকল্প নেই বলেও জানান এনসিপি নেতারা।
নির্বাচিত সংসদ সদস্যরা দুইবার শপথ নেবেন জানিয়ে নাহিদ বলেন, ‘আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিন্তু আমরা আইন উপদেষ্টা এবং সংসদ বিভাগের সচিবের সঙ্গে কথা বলে অনানুষ্ঠানিকভাবে জেনেছি যে আগামীকাল দুইটি শপথ অনুষ্ঠিত হচ্ছে। এটাই হওয়ার কথা। কারণ এই গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে, নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সংস্কার পরিষদেরও সদস্য হবেন। ফলে একই সঙ্গে আগামীকাল দুইটা শপথ হবে। প্রথম শপথ সংসদ সদস্য হিসেবে নেবেন, যারা জিতে এসেছেন। সেই একই ব্যক্তিগণ সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। একই সঙ্গে পরপর দুইটি শপথ হবে। এরকমটাই আমরা জানি। গণভোটের আমাদের আদেশেও সেটাই লেখা আছে।’
যমুনায় সনদ স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মূসা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন ও জাবেদ রাসিন।
সনদ সইয়ের পর এনসিপিকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল। আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতী কাজে অংশগ্রহণের জন্য।’
জুলাই সনদ স্বাক্ষর করতে যমুনায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে ছিলেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
এর আগে আইনি ভিত্তি ও সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে ‘আপত্তির’ কারণে জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল এনসিপি। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবং সংবিধান সংস্কারের লক্ষ্য পূরণে দলটি ঐতিহাসিক এই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। ভোট পাওয়ার পরিমাণ যেখানে প্রায় দ্বিগুণ। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে।
জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যেই ২০২৪ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। এরপর আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ করতে কমিশন করা হয়।
কমিশনগুলোর সুপারিশের মধ্য থেকে ১৬৬টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এরপর ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দীর্ঘ আলোচনা শেষে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ।
২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়। সেদিন এই সনদে সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরাও এই সনদে স্বাক্ষর করেন। পরে আরও একটি দল সনদে সই করলেও এনসিপি করেনি। অবশেষে আজ সনদে সই করল নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এই দল।
