মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

■ নাগরিক প্রতিবেদক ■

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘোষিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন।

শপথগ্রহণের জন্য অনুষ্ঠানস্থলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রী ও পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন। 

পূর্ণমন্ত্রী হলেন যারা
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান তার মন্ত্রিপরিষদে ২৫ জন পূর্ণমন্ত্রী রেখেছেন। তাদের মধ্যে নির্বাচিত সংসদ সদস্য থেকে ২৩ জন এবং দু’জন টেকনোক্রেট মন্ত্রী রয়েছেন।

বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন: দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, আ ন ম এহছানুল হক মিলন, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, আসাদুল হাবিব দুলু।

প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী এবং জহির উদ্দিন স্বপন।

আরও মন্ত্রী হয়েছেন: লক্ষ্মীপুর থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত শেখ রবিউল আলম।

নতুন মন্ত্রিসভায় নারীদের মধ্যে একমাত্র আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী হয়েছেন।

এর বাইরে, টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উর রশীদ।

এর মধ্যে খলিলুর রহমান সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

প্রতিমন্ত্রী হলেন যারা
বিএনপির নতুন মন্ত্রিসভায় যে ২৪ জন প্রতিমন্ত্রী রাখা হয়েছে, তাদের সবাই এবারই প্রথম মন্ত্রিপরিষদে ঠাঁই পেলেন। তাদের মধ্যে যশোর সদর আসন থেকে নির্বাচিত অনিন্দ্য ইসলাম অমিত এর নাম রয়েছে।

তরুণদের মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে মঙ্গলবার আরও শপথ নিয়েছেন: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, মো. শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ এবং মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এই তালিকায় আরো নাম রয়েছে: হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, ইশরাক হোসেন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এবারের নির্বাচনে মিত্র দলের সাতজন নেতা নিজ দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। তাদের মধ্যে ঢাকা-১৩ আসন থেকে বিজয়ী ববি হাজ্জাজ প্রতিমন্ত্রী হয়েছেন।

নারীদের মধ্যে ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম এবং নাটোর-১ আসন থেকে বিজয়ী ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর বাইরে, ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে জয় না পেলেও টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বিগত সময় বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই মিত্র দলগুলো থেকে দু’জন এবার প্রতিমন্ত্রী হয়েছেন। তারা হলেন-গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং গণঅধিকার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আগে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অনুষ্ঠানস্থলে এ সময় তারেক রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের পর তিনি রাষ্ট্রপতির সঙ্গে হাত মেলান ও পরে নথিতে স্বাক্ষর করেন। 

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ উপলক্ষে দেশি-বিদেশি কয়েক’শ অতিথি অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *