নতুন সরকারের মন্ত্রিসভায় ৩ নারী

■ নাগরিক প্রতিবেদক ■

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরল বিএনপি। প্রথমবার সরকার পরিচালনার দায়িত্বে এসে মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজন নারী পূর্ণ মন্ত্রী এবং বাকি দুইজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এতে গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আফরোজা খানম রিতা।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শামা ওবায়েদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে ফারজানা শারমিন পুতুলকে।

আফরোজা খানম রিতা

আফরোজা খানম রিতা (৬৩) বিএনপির প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হন। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আফরোজা খানম বর্তমানে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মায়ের নাম হুরুন নাহার রশিদ। বাবা হারুনার রশিদ খান মুন্নুর পথ ধরে রাজনীতিতে প্রবেশ করেন আফরোজা খানম। তাঁর বাবা চারবারের সংসদ সদস্য এবং মন্ত্রীও ছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তাঁর বাবা প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময় আফরোজা খানম বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। তিনি তিন সন্তানের মা। স্বামী মইনুল ইসলামও ব্যবসায়ী।

শামা ওবায়েদ ইসলাম

শামা ওবায়েদ ইসলাম (৫২) ফরিদপুর-২ আসন থেকে নির্বাচন করে ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে জয়ী হন। তাঁর বাবা কে এম ওবায়দুর রহমান বিএনপির তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী। বাবার মৃত্যুর পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তাঁর মা শাহেদা ওবায়েদ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি এলিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দুই সন্তানের মা। স্বামী মোস্তাজিরুল শোভন ইসলাম স্প্যারো এপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ফারজানা শারমিন পুতুল

ফারজানা শারমিন পুতুল (৪১) উত্তরাঞ্চল থেকে বিএনপির হয়ে নির্বাচিত একমাত্র নারী সংসদ সদস্য। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) থেকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪১ বছর বয়সী ফারজানা শারমিন পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

ফারজানা শারমিন বিএনপির মরহুম নেতা ফজলুর রহমানের পটলের মেয়ে। তাঁর বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মা কামরুন নাহার ঢাকার একটি কলেজের অধ্যক্ষ ছিলেন। ফারজানা শারমিনের স্বামী এইচ এম বাররু সানি পেশায় ব্যবসায়ী। তাঁদের দুটি সন্তান রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *