মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে ভর্তি

■ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ■

একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মেঘমল্লার বসু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে তাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল গণমাধ্যমকে জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরেই তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

তবে কী কারণে মেঘমল্লার বসু এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি। এ প্রসঙ্গে জাবির আহমেদ জুবেল বিস্তারিত কিছু জানাতে পারেননি।

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে ভর্তি

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেঘমল্লার বসু একসঙ্গে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবন করেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ ঘটনায় রাজনৈতিক ও ছাত্র সংগঠন অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার পর সহপাঠী ও সহকর্মী নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন। একই সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক চাপের মুখে তরুণ নেতৃত্বের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। থানায় কোনো লিখিত অভিযোগ বা জিডি হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাকা) ক্যাম্পাসে মেঘমল্লার বসু অতি পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বামঘেঁষা ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয়।সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তার বক্তব্য, স্লোগান ও ফেসবুক পোস্ট নিয়ে সমর্থক-সমালোচকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া দেখা গেছে। তার কিছু বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র বিতর্ক হয়েছে। এমনকি কিছু কনটেন্ট বিকৃত বা ভুলভাবে প্রচারিত হয়েছে বলে ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্মের একাধিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *