■ বশিরউল্লাহ মজুমদার ■
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে এবারও ‘লাল’ এর আয়োজনে করা হয় ব্যতিক্রমধর্মী পারফরমেন্স আর্ট ‘আমাদের ভাষা আমাদের শহীদ’। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই শিল্প-প্রকল্পটি প্রতি বছরের মতো এবারও সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
এবার স্থান পরিবর্তনের কারণে অনুষ্ঠানটি ১নং সমাজ কল্যাণ পরিষদ, দক্ষিণ শাহজানপুর রেলওয়ে কলোনিতে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে অংশ নেন শিল্পী, শিক্ষার্থী ও ভাষাপ্রেমী বিভিন্ন মানুষ।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদ হওয়া আবদুস সালাম, আবুল বরকত, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার ও শফিউর রহমানসহ অসংখ্য ভাষা সৈনিকের স্মরণে পাঁচজন শিল্পী সাদা পোশাকে প্রতীকী পদযাত্রা করেন। তারা শহীদের রক্তে রাঙা লাল রঙের বর্ণমালা উপস্থিত দর্শনার্থীদের মাঝে তুলে দেন, যা ভাষা আন্দোলনের আত্মত্যাগ ও চেতনার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় স্থানীয় প্রতিষ্ঠান ‘আলো আর্ট স্কুল’-এর তত্ত্বাবধানে। পরিকল্পনায় ছিলেন চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহকারি অধ্যাপক ড. সঞ্জয় চক্রবর্তী।
আয়োজকরা জানান, ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করাই এই পারফরমেন্সের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাদা পোশাক পরিধানের আহ্বান জানানো হয়, যা ছিল পবিত্রতা ও শ্রদ্ধার প্রতীক।
উপস্থিত দর্শনার্থীরা জানান, এ ধরনের সৃজনশীল আয়োজন ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও জীবন্ত ও অর্থবহ করে তোলে।
