■ বগুড়া প্রতিনিধি ■
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে।
বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসন নিয়ে গঠিত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেন শায়রুল কবির খান।
বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির চেয়ারম্যানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বগুড়া জেলার সভাপতি রেজাউল করিম বাদশাকে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে অংশ নিয়ে জয়লাভ করেন। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারলে একটি আসন থেকে সংসদ সদস্য থাকতে পারবেন। সেই অনুযায়ী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বগুড়া-৬ উপনির্বাচনের দলীয় মনোনয়নপত্র আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রেজাউল করিম বাদশার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।’
গত মঙ্গলবার নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল; সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দ ১৫ মার্চ।
দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ থেকে বিএনপি বগুড়া-৬ আসনে জয় পেয়েছে। এর মধ্যে ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মরহুমা চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন। ২০১৮ সালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন।
দীর্ঘদিন ধরে জল্পনা-কল্পনা ছিল যে, তারেক রহমানের ছেড়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আসনে জিয়া পরিবারের কোনো সদস্য প্রার্থী হতে পারেন। তবে দলের নীতি-নির্ধারণী পর্যায় থেকে আগেই জানানো হয়েছিল যে, জিয়া পরিবারের কেউ এবার উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন না। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় স্থানীয় নেতৃত্বের ওপর আস্থা রেখে অভিজ্ঞ রাজনীতিক রেজাউল করিম বাদশাকেই নির্বাচনি লড়াইয়ে নামাল বিএনপি।
