■ নাগরিক প্রতিবেদক ■
চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১ মার্চ) মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
আরো বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
আর, এ মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ থাকতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা রোববার রাতে বলেন, “দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এ মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২ টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।”
তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেটি আবহাওয়াবিদ্যায় ‘তাপপ্রবাহ’ হিসাবে ধরা হয়।
৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ; ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারী তাপপ্রবাহ হিসাবে বিবেচিত হয়। আর থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ চলছে বলে ধরা হয়।
কাজী জেবুন্নেসা বলেন, এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
পঞ্জিকার হিসেবে আগামী ১৪ এপ্রিল থেকে বৈশাখ মাস শুরু হচ্ছে। বৈশাখ শুরু হওয়ার আগেই কালবৈশাখী ঝড়ের নজির আছে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, “গত বছর (২০২৫ সালে) ফেব্রুয়ারির শেষ দিকে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছিল।”
