তিন বছরে ঢাকা উত্তর সিটিতে ১৬৭২০ বিচ্ছেদের আবেদন 

নাগরিক প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকাগুলোতে গত তিন বছরে ১৬ হাজার ৭২০টি বিচ্ছেদের আবেদন জমা পড়েছে। এর মধ্যে কার্যকর হয়েছে ১৫ হাজার ৮৬৫টি।

ডিএনসিসির তিন বছরের তথ্য অনুযায়ী, এ সময়কালে সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে মোহাম্মদপুর ও কারওয়ান বাজারে। পরবর্তী শীর্ষ অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে মিরপুর ও গুলশান-বাড্ডা এলাকা। তিন বছরে সবচেয়ে কম বিচ্ছেদের আবেদন এসেছে এবং কার্যকর হয়েছে ভাটারা থেকে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, নারীরাই বিচ্ছেদের আবেদনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তিন বছরে ডিএনসিসিতে নারীদের আবেদন পড়েছে ১০ হাজার ৪৮০, যা মোট আবেদনের প্রায় ৬২ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে তালাকের জন্য পুরুষের আবেদন জমা হয়েছে ৬ হাজার ২৪০, যা মোট আবেদনের ৩৭ দশমিক ৩২ শতাংশ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০ অঞ্চলের তিন বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন পড়েছে ৫ হাজার ৪১৪, ২০২৪ সালে ৫ হাজার ৪৫৯ এবং ২০২৫ সালে ৫ হাজার ৮৪৭।

এর মধ্যে মোহাম্মদপুর ও কারওয়ান বাজার (অঞ্চল-৫) এলাকায় বিচ্ছেদের সংখ্যা ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি। ২০২৩ সালে এখানে তালাকের আবেদন জমা পড়েছে ১ হাজার ৪৯৪, ২০২৪ সালে বেড়ে হয়েছে ১ হাজার ৫৪১ এবং ২০২৫ সালে জমা পড়েছে ১ হাজার ৫৭৬ আবেদন। তিন বছরে মোট আবেদনের সংখ্যা ৪ হাজার ৬১১। এর মধ্যে তিন বছরে যথাক্রমে বাস্তবায়ন হয়েছে যথাক্রমে ১ হাজার ৪৩৬, ১ হাজার ৪৭০ ও ১ হাজার ৩৭১। এ অঞ্চলে ২০২৫ সালে জমা হওয়া ১ হাজার ৫৭৬ আবেদনের মধ্যে ১ হাজার ১৪৭টিই করেছেন নারীরা।

তালাকের আবেদন ও কার্যকরের হিসেবে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরপুর (অঞ্চল-২)। ২০২৩ সালে এ অঞ্চলে আবেদন পড়েছে ১ হাজার ৪৩৫, কার্যকর হয়েছে ১ হাজার ৩৮৮। পরের বছর আবেদনের সংখ্যা ১ হাজার ৬২২ এবং কার্যকর ১ হাজার ৫৯৮। ২০২৫ সালে ১ হাজার ৫৪৬ আবেদনের বিপরীতে কার্যকর হয়েছে ১ হাজার ৪৭০। এ অঞ্চলে গেল বছরের মোট আবেদনের মধ্যে ১ হাজার ৪৭০টিই করেছেন নারীরা

রাজধানীর গুলশান-বাড্ডা এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চল গঠিত। গেল তিন বছরে এ অঞ্চলে বিবাহ বিচ্ছেদের ৩ হাজার ২৫৬ আবেদনের মধ্যে ৩ হাজার ১৬১ কার্যকর হয়েছে। বছরওয়ারী হিসেবে ২০২৩ সালে আবেদন ১ হাজার ১২৫, কার্যকর ১ হাজার ৯৮। ২০২৪ সালে আবেদন ৯৮০, কার্যকর ৯৫৪। ২০২৫ সালে ১ হাজার ১৫৭ আবেদনের মধ্যে ১ হাজার ১০৯ কার্যকর হয়েছে।

তিন বছর ধরে এ অঞ্চলে নারীদের আবেদনের হার ছিল বেশি। ২০২৩-২৫ পর্যন্ত এ এলাকায় নারীরা যথাক্রমে ৬৮৭, ৬০৪ ও ৭৫৫ আবেদন করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা উত্তরের ১০ নম্বর অঞ্চলে (পল্লবী) আবেদনের সংখ্যা তিন বছরে তুলনামূলকভাবে সবচেয়ে কম (১৮৯) থাকলেও ক্রমান্বয়ে তা বাড়ছে। ২০২৩ সালে মাত্র ৩২ আবেদন থাকলেও ২০২৪ সালে ৫৮ এবং ২০২৫ সালে তা বেড়ে ৩ গুণ (৯৯) হয়েছে; যার বড় অংশই (৬১) করেছেন নারীরা। ২০২৫ সালে ৯৯ তালাকের আবেদনের মধ্যে ৬৭ কার্যকর হয়েছে।

পরিসংখ্যান বলছে, উত্তরা সিটিতে বিবাহ বিচ্ছেদের বেশিরভাগ আবেদনই শেষ পর্যন্ত চূড়ান্তভাবে কার্যকর হচ্ছে। তবে তুলনামূলকভাবে অঞ্চল-১ (উত্তরা পশ্চিম) এবং অঞ্চল-৯ (ভাটারা) এলাকায় বিচ্ছেদ আবেদনের সংখ্যা অনেক কম এবং কার্যকরও হচ্ছে কম। অর্থাৎ এই দুই এলাকায় সমঝোতা বা আইনি প্রক্রিয়ায় সমস্যার সমাধান হচ্ছে। অঞ্চল-১ এ তিন বছরে ৮০৬ এবং অঞ্চল-৯ এ ৪৯৯ আবেদন জমা পড়ে। কার্যকর হয়েছে যথাক্রমে ৭৪৫ এবং ৪৮৬।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *