ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ

নাগরিক প্রতিবেদক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ রিভিউ-সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে সভাপতি পদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহসানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

এছাড়া, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নিয়োগে সংসদ সদস্যের ক্ষমতাও আর থাকছে না। এখন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রধান, ইউএনও ও ডিসি নামের তিনজনের তালিকা পাঠানো হবে। সেখানে থেকে একজনকে কমিটির সভাপতি করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের মে মাসের আগে সভাপতির কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ছিল না। পরবর্তী সময়ে তৎকালীন সরকার ২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে। ওই প্রবিধানমালায় বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যক্তি সভাপতি হতে পারবেন না।

এরপর উচ্চ আদালতের নির্দেশনায় ২০২৫ সালের ৩১ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রাথমিকভাবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করলেও, এখন সেই শর্ত বাতিল করে ২০২৪ সালের আগের নিয়মে ফিরিয়েছে সরকার। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *