স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ওপর হামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় দলের উত্তেজিত কর্মীরা র‍্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় র‌্যাবের অন্তত ৭ জন সদস্য আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ জানান, রাত সাড়ে ৮টা নাগাদ আহত ৭ জন র‍্যাব সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- মোহাম্মদ ইলিয়াছ (৫০), সাইফুল ইসলাম (৪২), খালিদ হোসেন (৩১), বেলাল হোসেন (৩০), সোহেল মিয়া (৩৫), মোহাম্মদ সোহেল (৩১), মোহাম্মদ কামরুল (৩৪)। তাদের মধ্যে সোহেল মিয়া ও মোহাম্মদ সোহেলকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে একটি ইফতার মাহফিল চলাকালে তাঁকে গ্রেফতারের সময় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার সিদ্দিক আহম্মদের ছেলে।

এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম। তিনি জানান, ১০ মামলার আসামি ফরিদ ৩টি হত্যা মামলায় পলাতক আসামি ছিলেন। ফরিদ আলমকে গ্রেফতারের পর তাঁর সহযোগীরা মব সৃষ্টি করে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে মোটরসাইকেলে আগুন দেয়। পরিস্থিতি এখন র‍্যাবের নিয়ন্ত্রণে রয়েছে। ফরিদকে টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে র‍্যাব গ্রেফতার করেছে। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ এর স্কোয়াড কমান্ডার সোহেল রানা জানান, নাজিরপাড়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি ও তাদের সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং র‍্যাবের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি নিজেসহ ৭ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *