মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

■ নাগরিক প্রতিবেদন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী, তার অপারেশন সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, সকালে ওনার (মির্জা আব্বাস) সিটিস্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক।

বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এ সময় মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার বলেও উল্লেখ করেন ডা. রফিক।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগেই প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পরে তাকে পর্যবেক্ষণে রাখা হলে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর আবারও দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। মির্জা আব্বাসের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন– মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকগণ।

শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ারকেয়ারের অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন মির্জা আব্বাসের ছেলে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে ইয়াসির আব্বাস। 

শুক্রবার (১৩ মার্চ) মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খবর জানান মির্জা আব্বাসের ছেলে। 

ইয়াসির আব্বাস বলেন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়াগা অনেকভাবে কথা ছড়িয়েছে। আসলে ওইরকম কিছুই না। কিন্তু যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও বেশি ছিল। সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গিয়েছিল আরকি। আলহামদুল্লিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাহআল্লাহ। 

মির্জা আব্বাস নিজেই দোয়া চেয়েছেন জানিয়ে ইয়াসির আব্বাস বলেন, দেশবাসীর কাছে বাবা দোয়া চায়। বাবা বলেছে আমাকে সার্জারির আগেও আমাকে জিজ্ঞেস করছিল যে কী অবস্থা।    

অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে আব্বাসপুত্র বলেন, আমারা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত খুব জোরে মাথা ব্যাথা করে উঠে আরকি।

সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরি। ধরার পর আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসি। আসতে চাচ্ছিলেন না কিন্তু প্রচন্ড মাথা ব্যাথার কমপ্লেনটা করছিলেন আরকি। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *