ঈদের দ্বিতীয় দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

নাগরিক প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

কুমিল্লায় ১২ জন নিহত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাসে মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন।তাদের মধ্যে যশোর জেলার পাঁচজন, লাইজু আক্তার (২৬), তার দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চৌগাছার সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫)। নোয়াখালীর বাবুল চৌধুরী (৫৫) ও নজরুল ইসলাম রায়হান (৪৫) নিহতদের মধ্যে রয়েছেন। এ ছাড়া চাঁদপুরের তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদহের জুহাদ বিশ্বাস (২৪), মাগুরার ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার সোহেল রানা (২৫) এবং লক্ষ্মীপুরের সাঈদা (৯) নিহত হয়েছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।আহতদের মধ্যে ১৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক জানান, নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

আহত যাত্রীরা জানান, বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল এবং ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক তিনটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

ফেনীর রামপুরে তিনজন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম জানান, একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে স্পিডব্রেকার পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। পরে আরেকটি বাস জটলার মধ্যে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার ও এক যাত্রী নিহত হয়।

হবিগঞ্জের মাধবপুরে চারজন নিহত

হবিগঞ্জের মাধবপুরে পিকআপভ্যান খাদে পড়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চালক ইব্রাহিম, আসমা আক্তার (৪০) ও তার ছেলে সজীব (১৩)। পুলিশ জানায়, আসবাবপত্রবোঝাই পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পাবনার ঈশ্বরদীতে নিহত ১

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুলফিকার ইসলাম জিল্লুর (২৬)। রোববার (২২ মার্চ) সকাল ৮টায় পাবনা-নাটোর মহাসড়কের গড়মাটি কলোনি মোড়ে ট্রাক অতিক্রম করে সড়কের পাশে বড় গাছে ধাক্কা লেগে প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে নিহত হন তিনি। নিহত জিল্লু পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে ‘নওদাপাড়া’ গ্রামের আনসারুল মুন্সির কনিষ্ঠ সন্তান। পাঁচ ছেলের মধ্যে তিনি সবার ছোট। নিহত জুলফিকার জিল্লু কুমিল্লাতে একটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

নিহত জিল্লুর চাচাতো ভাই নূর আলম জানান, রোববার (২২ মার্চ) সকালে একাই ভাইয়ের প্রাইভেটকারটি চালিয়ে নাটোরের বনপাড়া বাজারে যাচ্ছিলেন জিল্লুর। রোববার সকাল ৮টায় পাবনা-নাটোর মহাসড়কের গড়মাটি মোড়ে পৌঁছালে গতি হারিয়ে কয়েকটি ট্রাক ওভারটেক করার সময় প্রাইভেটকারটি গাছের সঙ্গে ধাক্কা লেগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল বাংলানিউজকে জানান, দ্রুতগতির প্রাইভেটকারটি কয়েকটি দাঁড়ানো ট্রাক অতিক্রম করে যাওয়ার সময় ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কোনো অভিযোগ না থাকার কারণে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুইজন নিহত 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এদিন বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিজয় (১৮) ও জাবির হোসেন (১৮)।

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস খাদ, আহত ৩০

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফে নিহত ১

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-হারিয়াখালী সড়কে পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষে আনিসুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বকসু মিয়ার ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী মাসে তার বিয়ের কথা ছিল।

প্রত্যক্ষদর্শী মুজিবুর রহমান জানান, সড়কে লবণাক্ত পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহপরীর দ্বীপ এলাকায় মৌসুমে বিপুল পরিমাণ লবণ উৎপাদন হয়। এসব লবণ ট্রাকে করে পরিবহনের সময় নিয়ম অনুযায়ী জিওটেক্স ব্যবহার না করায় সড়কে লবণের পানি ও কাঁচামাটি পড়ে যায়। ফলে সড়ক পিচ্ছিল হয়ে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে তারা জানান। 

নতুন সড়ক চালুর পর যান চলাচল বাড়লেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত জিপ গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *