কুমিল্লায় সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ নিহত ৫

■ কুমিল্লা প্রতিনিধি ■

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের সদস্য।

নিহতরা হলেন- মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি আ. মমিন ( ৫০), ভাগ্নি লাবিবা (১৮) এবং ভাগ্নে সাইফ (৭)।

তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন। তিনি বরিশালের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। এসময় মহাসড়কের কালাকচুয়ায় এলে চট্টগ্রামগামী স্টারলাইন বাস প্রাইভেকারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রাইভেটকারের যাত্রীরা মিয়ামি হোটেল থেকে খাবার শেষে মহাসড়কে উঠছিলেন। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী বাসটি এসে প্রাইভেটকারটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চালক জামাল হোসেন এবং ভাগ্নে আবরারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক জামালকে মৃত ঘোষণা করেন। আবরার (১২) বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও সংকটাপন্ন।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, খবর পেয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং হতাহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *