টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।  উপজেলার ধলাটেংগড় এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তাঁর ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।

গাইবান্ধার সাদুল্যাপুরের উদ্দেশে ছেড়ে আসা ‘দিগন্ত পরিবহন’ -এর একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ধলাটেংগড় এলাকায় থেমে যায়। বাসের চালক ও সহকারী তেল সংগ্রহের জন্য নিকটস্থ পাম্পে গেলে যাত্রীদের অনেকে বাস থেকে নেমে নিচে অপেক্ষা করছিলেন। এসময় বাসের কয়েকজন যাত্রী পাশের রেললাইনের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বাসটির যাত্রী মায়া (৩০) নামের এক নারীকে পাওয়া যায়। তিনি বলেন, তাঁরা গতকাল সকাল ১০টার দিকে সাদুল্যাপুর থেকে বাসটিতে করে রওনা দেন। সন্ধ্যা ৭টার দিকে কালিহাতীর ধলাটেংগরে এসে বাসের তেল শেষ হয়ে যায়। তখন বাসটি সেখানে থামিয়ে রেখে তেল আনতে যান বাসের কর্মীরা। এ সময় বাসের যাত্রীরা নেমে আশপাশে ঘোরাঘুরি করছিলেন। কেউ কেউ পাশের রেললাইনের ওপর চলে যান। হঠাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জগামী ট্রেন চলে এলে পাঁচজনই ঘটনাস্থলে নিহত হন।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালিহাতীর ধলাটেংগর নামকস্থানে রাত ৮টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমেছিল। এ সময় ওই বাসের কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন।

এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন বলে জানান এসআই মিজানুর রহমান।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *