স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা ইন্তেকাল করেছেন

■ নাগরিক প্রতিবেদন ■

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দিলারা হাফিজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।

শনিবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।

শায়রুল কবির খান আরও জানান, ৩০ মার্চ বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।

পরে বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মিসেস দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

এদিকে দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *