■ নাগরিক প্রতিবেদক ■
অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সারা দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশে কিছু অসাধু চক্র অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মাঠে নেমেছে।
বিজিবি জানায়, ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ-এই ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করে অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শরীফুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে।
সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ হবে
চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের উদ্দেশ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেবে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা এবং বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন দেবেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
