হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

𓂃✍︎ নাগরিক প্রতিবেদন 𓂃✍︎ 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু হামের উপসর্গ নিয়ে ও দুই শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।

সরকারের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ শিশুর। তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ২০টি, বরিশালে ৫টি, চট্টগ্রামে ৪টি, রাজশাহীতে ৩টি এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের। এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮১১ শিশুর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৩৫৮ জন। এরপরে হামের উপসর্গ নিয়ে যথাক্রমে হাসপাতালে ভর্তি হয়েছে- চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনায় ৯৭ জন, রাজশাহীতে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, সিলেটে ৫১ জন, ময়মনসিংহে ২৭ জন এবং রংপুর বিভাগে ৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭২৪ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৩৫৩ জন, রাজশাহীর ১১৩ জন, চট্টগ্রামের ১১০ জন, খুলনার ৬০ জন, সিলেটের ৪৪ জন, বরিশালের ৩৩ জন, ময়মনসিংহের ৭ জন এবং রংপুর বিভাগের ৪ জন শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম বা হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ৩ হাজার ৬৫ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৪৯৬।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *