𓂃✍︎ নাগরিক প্রতিবেদক 𓂃✍︎
যে কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, আজ সেই কাঁধই চিরতরে থেমে গেছে। একদিনেই ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছানো যেন অসংখ্য পরিবারের হৃদয়ে শোকের ভার আরও বাড়িয়ে দিল।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ৩০ জন প্রবাসীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছায়। প্রবাসী কল্যাণ ডেস্কের উপ-পরিচালক শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া একই দিনে পৃথক ফ্লাইটে আরও চার প্রবাসীর মরদেহ দেশে আনা হয়। এর মধ্যে মালয়েশিয়া থেকে দুইজন এবং লিবিয়া থেকে দুইজনের মরদেহ আসে বলে জানা গেছে।
প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একাধিকবার কুয়েতগামী ফ্লাইট বাতিল হওয়ায় মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি। পরবর্তীতে বিশেষ উদ্যোগে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হয়।
মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বীমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে দেওয়া হবে।
স্বজনের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
