✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।
ডিটিসিএ এরিয়ায় ক্ষেত্রে ২ টাকা ৩২ পয়সা ছিল, যা ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। আর সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নেতৃত্বাধীন বাসভাড়া পুনর্নির্ধারণ কমিটি বাসভাড়া কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব করে। সেটি ১১ পয়সা বাড়ানো হলো।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকার দীর্ঘ সময় জ্বালানির দাম না বাড়ানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু শেষ পর্যন্ত ডিজেলে প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পড়ে পরিবহন খাতে, ফলে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এ বিষয়ে পরিবহন মালিক, সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘পরিবহন মালিকদের পক্ষ থেকে শুরুতে প্রতি কিলোমিটারে প্রায় ২৮ পয়সা ভাড়া বাড়ানোর দাবি ছিল। পরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে তা ২২ পয়সায় নেমে আসে। তবে সরকার জনস্বার্থ বিবেচনায় শেষ পর্যন্ত ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী বলেন, ভাড়া নির্ধারণে একটি পূর্বনির্ধারিত সূত্র রয়েছে। জ্বালানির দাম বাড়া বা কমার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে। এ জন্য নতুন করে প্রতিবার বৈঠকের প্রয়োজন হবে না; বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে নির্ধারিত সূত্র অনুযায়ী ভাড়া সমন্বয় করবে।
রেলভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই। লঞ্চের ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।
জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন এবং পরিবহনের যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে দাবি করে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বৃদ্ধির দাবি জানিয়েছিল পরিবহন মালিকরা। পরে সেটি কমিয়ে ২২ পয়সা এবং সবশেষ আলোচনার মাধ্যমে ১১ পয়সা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, ১৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, ২০ টাকা বাড়িয়ে অকটেন ১৪০ টাকা এবং ১৯ টাকা বাড়িয়ে পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি লিটার কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩০ টাকা। নতুন নির্ধারিত এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।
