এনসিপিতে যোগ দিলেন ইসহাক-ফ্লোরা-রনি-কাফি

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎ 

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

রাজধানীর কাকরাইলে আইডিইবি (বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বিল্ডিং) মিলনায়তনে যোগদান অনুষ্ঠান মঞ্চে ছিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি উপস্থিত আছেন। ফেরসামিন হক ইকবাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত আছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেলও এ দিন এনসিপিতে যোগ দেন। তিনিও যোগদান মঞ্চে রয়েছেন।

শুক্রবার বিকেল তিনটা ৩৬ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যোগদান কর্মসূচি শুরু হয়। এরপর জাতীয় সংগীত বাজানো হয়।

এর কিছুক্ষণ পর নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন ইসহাক সরকার। এ সময় নেতা-কর্মীরা ‘পুরান ঢাকার ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘জুলাই যোদ্ধা ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘দুর্দিনের ইসহাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘এনসিপি-জনতা, গড়ে তোলো একতা’ ইত্যাদি বলে স্লোগান দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দীন মোহাম্মদ। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি আজকে ‘ক্রস রোডে’ আছে। ক্রান্তিকালে আছে। আমরা সামনের দিকে যাব, নাকি আবার পেছনের দিকে ফিরে যাব সেটা নির্ভর করছে আমরা সম্পৃক্ত হতে পারছি কিনা। আজকে যারা আমাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টিতে অংশগ্রহণ করছেন, যোগ দিচ্ছেন, তারা সবাই যার যার ক্ষেত্রে বিশেষ করে গত ১৭ বছর আন্দোলনে নির্যাতিত। আজকে আমরা যাদের পাচ্ছি, তাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমাদের অনাগত যারা সদস্য আছেন, ভবিষ্যতে যারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থেকে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাচ্ছেন, সবার উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের রাজনীতি এখন একটি গুণগত পরিবর্তনের দ্বারপ্রান্তে। আমাদের বুঝতে হবে সবাই একসঙ্গে একটি বড় ধাক্কা দিলে পরিবর্তন সম্ভব।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পর বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপিতে যোগদানকারীদের নাম ঘোষণা করে নাহিদ বলেন, ‘এনসিপিতে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল। তিনি বিদেশে আছেন। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি। বরিশালের কৃতী সন্তান হিসেবে তিনি এনসিপিতে কাজ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ নুরুজ্জামান কাফিকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এনসিপিতে স্বাগত। জুলাইয়ের সহযোদ্ধা মহিউদ্দিন রনিকেও স্বাগত জানাই। আমরা সবাই এনসিপিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’

ইসহাক সরকারকে এ আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘ইসহাক সরকারকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ছাত্রদল, যুবদলে তিনি কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনো বিরোধী রাজনীতিই করবেন।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। ইসহাক সরকার সব সুযোগ-সুবিধাকে একদিকে ঠেলে দিয়ে জনগণ ও তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন। ইসহাক সরকারের সঙ্গে তাঁর অসংখ্য অনুসারী এনসিপিতে যোগ দিচ্ছেন। তাঁদেরও স্বাগত জানাই।’

এরপর ইসহাক সরকারসহ এনসিপিতে যোগ দেওয়া নেতাদের একে একে ফুল দিয়ে বরণ করে নেন নাহিদ ইসলাম। পরে তিনি ও নাসীরুদ্দীন পাটওয়ারী অন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে আইডিইবি থেকে চলে যান। এরপর সাংস্কৃতিক মুক্তিজোটের নেতা মাকসুদুর রহমান সোহেলও এনসিপিতে যোগ দেন। এনসিপির অন্য নেতারা তাঁকেও ফুল দিয়ে বরণ করেন।

ইসহাক সরকারসহ সদ্য এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিরা এরপর তাঁদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, শীর্ষস্থানীয় নেতা সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এর আগে ১৯ এপ্রিল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন। অবশ্য ওই ৪৪ জনের অধিকাংশই ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের নেতা-কর্মী।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *