যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

✍︎ ফ্লোরিডা প্রতিনিধি ✍︎

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের দেহের অবশিষ্ট অংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশ এখনো নাহিদা বৃষ্টির সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। দুজনেরই বয়স ২৭।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) আটক করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। 

জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তাঁর সঙ্গে একই দিন নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পায়নি পুলিশ।

এদিন সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তের কাজে বিশ্ববিদ্যালয়টি থেকে এক মাইলেরও কম দূরত্বে অবস্থিত লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলেন ডেপুটিরা।

ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার হওয়া মানবদেহের অবশিষ্টাংশ নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।

শেরিফের কার্যালয় জানায় ব্রুস বি. ডাউনসের লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটকের খবর জানায় শেরিফ কার্যালয়। পরে তার পরিচয় প্রকাশ করা হয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ঘটনার তদন্তে থাকা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মায়ামি কনস্যুলেট। কনস্যুলেটের একজন প্রতিনিধি গতকাল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক‍্যাম্পাস পরিদর্শন করেন। 

এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।

অন্যদিকে, নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

লেক ফরেস্ট কমিউনিটি হলো একটি ‘ডিড-রেস্ট্রিকটেড’ এলাকা। ডিড-রেস্ট্রিকটেড কমিউনিটি বলতে হোমওনার্স অ্যাসোসিয়েশনের অধীনে এমন আবাসিক এলাকা বোঝায়, যেখানে বাসিন্দাদের কর্মকাণ্ড সীমিত রাখতে নির্দিষ্ট চুক্তি করা থাকে।

নাহিদা ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল ৯টার দিকে, বিশ্ববিদ্যালয়ের কাছে তাঁর ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিন সকাল ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে।

জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁদের এক পারিবারিক বন্ধু পরদিন ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এর পরিপ্রেক্ষিতে দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর তদন্তে নামে  পুলিশ।

সম্পর্কিত লেখা:

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *