✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ‘আকসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। ডিবি সূত্রে জানা গেছে, তারা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য এবং বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও হামলার পরিকল্পনায় জড়িত ছিল।
ডিবি সূত্র জানিয়েছে, কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে সকাল ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১৪টি গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, একটি ল্যাপটপ, মেটাল ডিটেক্টর, দুটি ড্রোন, সাতটি ঘড়ির বেল্ট, সামরিক পোশাক, জিহাদি বই, ৯০০ গ্রাম গানপাউডার ও পাঁচ বোতল অ্যাসিড উদ্ধার করা হয়েছে। আসামিরা বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন, সরকার ও দেশকে অস্থিতিশীল করতেই আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই, ড্রোন ও সামরিক পোশাক নিজেদের কাছে রেখেছিলেন।
দুপুরে ডিবির একটি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে জড়িত বলে তারা সন্দেহ করছে। তাঁরা রাজধানীতে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনা করেছিলেন। এ কারণেই তাঁরা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করেন। তাঁদের কাছ থেকে কিছু সামরিক পোশাকও উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, পোশাকগুলো আরসার।
ডিবির ধারণা, উদ্ধার হওয়া ড্রোন দিয়ে গোয়েন্দা নজরদারি অথবা নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম হঠাৎ উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে কেন, তাঁদের উদ্দেশ্য কী, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘মাথাচাড়া দিচ্ছে এমনটা বলব না, আমি শুধু বলব যারা এসব কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দিনে যারা জড়াবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘদিন বিরতির পর রাজধানীতে আবারও উগ্রবাদী তৎপরতার খবরে এলাকায় শঙ্কা ছড়িয়েছে। তবে ডিবির এই সফল অভিযানে বড় ধরনের কোনো নাশকতা ঠেকাতে পেরেছে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
