পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিজেপির বিধায়কদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিধায়কদের সঙ্গে বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের বলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।’

এবার বিধানসভা নির্বাচনে কলকাতার ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারান শুভেন্দু। আবার আরেকটি আসন নন্দীগ্রামেও জয় লাভ করেন তিনি।

এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান ১ হাজার ৯৫৬ ভোটে। নিজের ঘরের মাঠে মমতাকে হারানোর পর এবার মমতার পাড়ায় এসে তাঁকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু।

যেকোনো রাজ্যে নির্বাচনের পর দলের পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাঁদের উপস্থিতিতে আজ বিকেলে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিধায়কদের সমর্থনপত্র নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির কাছে সরকার গঠনের দাবি জানাবেন।

ভোটের ফলাফল প্রকাশের পর থেকে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে শুভেন্দু অধিকারীর নাম সবচেয়ে এগিয়ে ছিল। কারণ, হিসেবে রাজনৈতিক বিশ্লেষকেরা তাঁর টানা দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কৃতিত্বকে দেখছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোটে হারিয়েছিলেন ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবে পরিচিত ‘ভবানীপুর’ কেন্দ্রে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ভবানীপুর ও নন্দীগ্রাম—উভয় আসন থেকেই এবার লড়েন শুভেন্দু। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর এমন সম্মুখসমর এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে পরাজিত করার ঘটনা অত্যন্ত বিরল। ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী পবিত্র করকে প্রায় ১০ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন। এই দ্বিমুখী ও দাপুটে বিজয়ের পর বিজেপির অন্দরেই তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হয়ে ওঠে।

সাধারণত নির্বাচনের পর মুখ্যমন্ত্রী নির্বাচনে বড় ধরনের ‘চমক’ দেওয়ার ইতিহাস রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অতীতে অনেক রাজ্যে এমন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, যাঁর নাম আলোচনায় ছিল না। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব সেই পথে হাঁটেনি। মমতাকে তাঁর নিজের মাঠে হারিয়ে শুভেন্দু নিজেকে অপ্রতিদ্বন্দ্বী প্রমাণ করায় তাঁকে উপেক্ষা করার কোনো সুযোগ ছিল না। তা ছাড়া এত বড় ঐতিহাসিক জয়ের পর দলের মধ্যে কোনো ধরনের অসন্তোষ বা ঝুঁকি নিতে চায়নি দলের হাইকমান্ড।

পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে ২৯৩টির ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০৭টি আসনে বিশাল জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন এবং বাম-কংগ্রেস জোট ও অন্যরা পেয়েছে ৬টি আসন। দক্ষিণ চব্বিশ পরগনার ফালতা আসনে ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান এবং দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেন। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে নতুন সরকারের শপথ গ্রহণকে ঘিরে এখন সাজ সাজ রব রাজ্য বিজেপির অন্দরে।

২০০৭ সালের ভূমি রক্ষা আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক প্রভাব তিনি তৈরি করেছিলেন, এই জয়ের মাধ্যমে তা আরও সুসংহত হলো।

নন্দীগ্রামে এক সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যে তিনি দুটি আসনের একটি ছেড়ে দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। নন্দীগ্রামকে নিজের রাজনৈতিক দুর্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভবানীপুর ও নন্দীগ্রামের মানুষের প্রতি আমার যে দায়িত্ব, তা আমি ভুলে যাবো না।’

বিজেপির এই জয়ের পর দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী একে বাংলার রাজনীতির ‘আসল পরিবর্তন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি ২০১১ সালের পরিবর্তনের অংশ ছিলাম, আর এখন আমি আসল পরিবর্তনের অংশ।’

রাজ্যে বিজেপির ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু আরও বলেন, তার দল এমনভাবে কাজ করবে যেন ‘বাংলায় বিজেপি সরকার ১০০ বছর স্থায়ী হয়’। আগামী কয়েক দিনের মধ্যেই নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার কথা রয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *