রাজধানীর দুই সিটিতে বসছে ২৪টি পশুর হাট

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

চলতি বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে মোট ২৪টি পশুর হাট বসবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১২টি অস্থায়ী হাটের পাশাপাশি থাকবে গাবতলীর স্থায়ী পশুর হাট। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি অস্থায়ী হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

উত্তর সিটি করপোরেশনের ১২টি হাটের মধ্যে ৮টি হাটের দরপত্র দেওয়া হয়েছে। আর স্থানীয় কোন্দলে ৪টি হাটের ইজারা দেওয়া বন্ধ রয়েছে। অন্যদিকে দক্ষিণের ১১টি হাটের দরপত্র দেওয়া হয়েছে।

উত্তর সিটি করপোরেশন সূত্র বলছে,  এই ১২টি অস্থায়ী হাটের মধ্যে ৪টির ইজারা এখনো দেওয়া হয়নি। এসব হাটের মধ্যে ভাটারা সুতিভোলা খাল এলাকার হাটের নির্ধারিত সরকারি দাম ৩ কোটি ১২ লাখ ৭৬ হাজার টাকা। 

মোহাম্মদপুরের বছিলা এলাকায় ৪০ ফুট সড়কসংলগ্ন খালি জায়গার হাটের দাম ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা। খিলক্ষেত বাজারসংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গার হাটের দাম নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা এবং মেরুল বাড্ডা কাঁচাবাজারসংলগ্ন খালি জায়গার হাটের সরকারি দাম ১৪ লাখ টাকা।

উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলা হাটের সিটি করপোরেশনের সরকারি দাম ৮৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা। মিরপুরের কালশী বালুর মাঠের (১৬ বিঘা) হাটের সরকারি দাম ৩০ লাখ টাকা। ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া এলাকায় ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গার হাটের সরকারি দাম ১৩ লাখ ৫০ হাজার টাকা। মিরপুর ৬ নম্বর সেকশনের হাটের সরকারি দাম ১ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৮৫৮ টাকা। 

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন হাটের সরকারি দাম ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৯০০ টাকা। উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউবাজার এলাকার হাটের সরকারি দাম ৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা। খিলক্ষেত থানার মস্তুল চেকপোস্টসংলগ্ন পশ্চিমপাড়ার হাটের সরকারি দাম ৯৩ লাখ ২২ হাজার টাকা। এ ছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বাজারসংলগ্ন রহমান নগর আবাসিক এলাকার হাটের সরকারি দাম ধরা হয়েছে ১৫ লাখ ৫ হাজার টাকা।

পশুর হাটসংক্রান্ত প্রাথমিক বিজ্ঞপ্তিতে ‘সারুলিয়া’ স্থায়ী হাটটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের আপত্তির কারণে হাটটি বাদ দিয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সিটির একমাত্র স্থায়ী পশুর হাট সারুলিয়ার জায়গা পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সিটি করপোরেশন। ফলে চলতি বছর হাটটি বাদ পড়েছে। আসন্ন ঈদের আগে বিকল্প হাট কোথায় বরাদ্দ দেওয়া যায়, সেটাও বিবেচনায় রাখছে সংস্থাটি।

ডিএসসিসির বাকি অস্থায়ী হাটগুলোর মধ্যে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদী তীরবর্তী খালি জায়গার হাটের নির্ধারিত ইজারা দাম রাখা হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গার হাটের দাম ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৮২ হাজার ২০১ টাকা। রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গার হাটের জন্য সিটি করপোরেশন দাম নির্ধারণ করেছে ৭ কোটি ৮২ হাজার ৪৫১ টাকা।

এ ছাড়া আমুলিয়া মডেল টাউনের খালি জায়গার হাটের দাম ৫৯ লাখ ৬২ হাজার ১০০ টাকা এবং শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড এলাকার খালি জায়গার দাম নির্ধারণ করা হয়েছে ৬৬ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। শিকদার মেডিকেলসংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গার অস্থায়ী হাটের দাম ধরা হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৬০০ টাকা। কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পানির পাম্পসংলগ্ন রাস্তার অব্যবহৃত জায়গার হাটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গার হাটের দাম রাখা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। মোস্তমাঝি মোড়সংলগ্ন অস্থায়ী হাটের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশের খালি জায়গার হাটের দাম ধরা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৬০০ টাকা। এ ছাড়া গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় অস্থায়ী কোরবানির পশুর হাটের দাম নির্ধারণ করা হয়েছে ৫৬ লাখ ৭৪ হাজার ৪০১ টাকা।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *