আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় দাসের জামিন নামঞ্জুর

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎ 

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে থাকা অন্য চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর এ রুল জারি করেছিলেন হাইকোর্ট।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে ওই পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় ওই বছরের ২৫ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। আদালত জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন এবং তাকে কারাগারে নিতে বাধা দেন। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন চিন্ময়ের সমর্থকরা।

পরে তার বাবা একটি হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধার, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও ৫টি মামলা হয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *