✍︎ লালমনিরহাট প্রতিনিধি ✍︎
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদিমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত খাদেমুল উপজেলার পূর্ব আমঝোল গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বনচৌকি ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খাদেমুলের বাবা আমজাদ হোসেন দাবি করেছেন, তার ছেলে চোরাকারবারি ছিলেন না, তিনি পেশায় জেলে ছিলেন। আমজাদ হোসেন বলেন, ‘আমার ছেলে বৃহস্পতিবার রাতে সীমান্তলাগোয়া একটি জলাশয়ে মাছ ধরতে গিয়েছিল। হয়তো কারও প্ররোচনায় সে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিল। সকালে তার বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু সে ফিরল লাশ হয়ে।’
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সেখানে যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন।’
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৮টার দিকে সীমান্তের নদীতে মাছ ধরতে যান খাদিমুলসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ সময় ভারতীয় পাগলিমারি বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের দিকে গুলি ছোড়ে। এতে খাদিমুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রংপুর নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, নিহত খাদেমুলের মাথায় গুলির চিহ্ন রয়েছে। মরদেহ বিজিবির বনচৌকি ক্যাম্পে রয়েছে। মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
