✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি।
শনিবার রাত আটটার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে দীর্ঘদিন ধরে পলাতক অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
জুয়েল রানা বলেন, ‘অধ্যাপক হাসিবুর রশীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার রাতে স্থানীয় ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁকে দেখতে পেয়ে আটক করে রাখে। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে চারদিন পর ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ।
অধ্যাপক হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও একসময়ের চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালের জুন মাসে তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে ছিলেন।
আবু সাঈদ হত্যা মামলার রায় হয় গত ৯ এপ্রিল। রায়ে এই মামলার ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ৩০ জুন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
