✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটিতে দলের প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশগ্রহণ করবে। কোনো জোটে যাবে না।
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার বিষয়ে পীর সাহেব চরমোনাই বলেন, “সমঝোতায় নতুন দলের সংযুক্তি ও তাদের আসন বণ্টনের বিষয়ে সমঝোতায় আগে থেকেই থাকা দলগুলোর সঙ্গে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেওয়া, ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করা, ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা না করে বিদ্যমান আইনে দেশ পরিচালনা করার অঙ্গীকার করা, মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রবাদী বলে সার্টিফাই করার পরিপ্রেক্ষিতে সমঝোতা ভেঙে যায়। এরপরও নানা প্রচেষ্টা করা হয়। কিন্তু সমঝোতা রক্ষা করা যায় নাই।”
পীর সাহেব চরমোনাই বলেন, “কেবল এমপি ও মন্ত্রিত্বের জন্য আমরা রাজনীতি করি না। আমরা কেবলই ইসলাম, দেশ-জাতি ও মানবতার পক্ষেই অটল-অবিচল থাকবো। আগামীতেও এসবের ভিত্তিতে জোট হতে পারে।”
জুলাই সনদের ব্যাপারে পীর সাহেব চরমোনাই বলেন, “প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার ওপর আস্থা রাখতে চাই।”
নির্বাচন পরবর্তী কাজের ব্যাপারে বলেন, “নির্বাচনের পরে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। দলের ভেতরে নানা সংস্কার চলছে। প্রশিক্ষণের কাজ চলছে।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে গোলামির চুক্তি আখ্যায়িত করে তা বাতিলের দাবি করেন পীর সাহেব চরমোনাই।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, “বিজেপি যা করছে তা কোনও সভ্যরাষ্ট্র করতে পারে না। তাদের ধর্মনিরপেক্ষতার দাবি মারাত্মকভাবে বিঘ্নিত করছে। ভারতকে এই বর্বরতা থেকে বিরত থাকতেই হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক শরীয়াতুল্লাহ প্রমুখ।
