বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি

✍︎ সিলেট প্রতিনিধি ✍︎

গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সিলেট ৪৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ বিষয়ে বলেন, ‘বিএসএফ কী কারণে গুলি করেছে তা জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সীমান্তবর্তী মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হয়।’ 

তিনি আরও বলেন, ‘বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।’ 

সোনারহাট সীমান্তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি ব্যাপক আকারে জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনীটি।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সীমান্তবর্তী জনসাধারণকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *