✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী পাাঁচ থেকে সাতদিনের মধ্যে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার করা হবে।
রোববার সাংবাদিকদের রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জোর দিয়ে বলেছেন, ‘রামিসা হত্যার অপরাধীকে সর্বোচ্চ বিচারের জন্য যা দরকার, সে পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন, ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। লাগামহীনভাবে স্বাধীনতা ব্যবহার হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বয়ান তৈরির জন্য সামাজিক ও পারিবারিক জীবন হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
একই সঙ্গে অনলাইন জুয়া ও বেটিং বন্ধে যুগোপযোগী আইন করা হবে বলেও জানান তিনি।
পাসপোর্টে নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ”সামনে যেসব পাসপোর্ট ইস্যু করা হবে, সেগুলোতে আগের মতোই ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দটি যুক্ত থাকবে। এটি সরকারের সিদ্ধান্ত এবং দেশের মানুষের চাহিদার প্রতিফলন।”
পাসপোর্টের নকশা ও ভিসা পাতার বিষয়ে তিনি বলেন, ‘অতীতে সেখানে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনা ছিল, যা দেশের সংস্কৃতি ও জনগণের প্রতিনিধিত্ব করে না। নতুন নকশায় বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে গুরুত্ব দেওয়া হবে।’ মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে মুদ্রার নোটে বীরশ্রেষ্ঠদের ছবি সংযোজনের বিষয়টি আলোচনায় রয়েছে। যদিও বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন, তবুও এ নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধ, টাঙ্গুয়ার হাওর ও কক্সবাজার সমুদ্রসৈকতের মতো জাতীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব উপস্থাপনায় কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে না। বরং বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনগণের প্রতিনিধিত্বই সেখানে তুলে ধরা হবে। সবকিছুতে রাজনৈতিকীকরণের যে প্রবণতা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই।’
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং তার সম্ভাব্য ট্রাভেল পাস নিয়ে সরকারের কোনো প্রস্তুতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি, বারবার পাঠিয়েছি। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো হবে বলে আমরা আশা করি। সরকার চায়, শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন।’
সংলাপে অনলাইন জুয়া ও ব্যাটিং নিয়ন্ত্রণে নতুন আইন আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রচলিত আইনটি অনেক পুরোনো। ১৮৬৭ সালের আইনের পরিবর্তে অনলাইন ও অফলাইন জুয়া, ইন্টারনেটভিত্তিক ব্যাটিংসহ আধুনিক অপরাধের ধরন মোকাবিলায় যুগোপযোগী নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
