আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইসিস ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা বিষয়টি নাকচ করে দেন। ওই হাসপাতালেই এতদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে। আগামীকাল হেলিকপ্টার বা ফ্রিজিং ভ্যানে করে মরদেহ ভোলায় নেওয়া হবে। জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক একাধিক নেতাকর্মী

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে দলটির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করেছেন। এ সময় ৫ জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। 

সোমবার সন্ধ্যার দিকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

জানাজার আগে ও শুরুর সময় দলটির নেতাকর্মীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। পরে জানাজা শেষে তারা মিছিল বের করার চেষ্টা করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এবং মিছিল বের করার সময় আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে ৫ জনকে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *