✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎
ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে তারা বলেছে, তেল আবিব লেবাননে আগ্রাসন শুরু করলে আরও কঠোরভাবে আঘাত হানা হবে।
ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এমন তথ্য জানিয়েছে। ইরানের এই ঘোষণার কিছু সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান।
রোববার রাতে দুই দেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার কারণে গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছিল। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ইরান ও ইসরায়েল এখন ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে।’ কারও বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী বলেছে, সবশেষ অভিযান থেকে জায়নবাদী শাসকগোষ্ঠী ও তাদের সমর্থকদের অবশ্যই শিক্ষা নিতে হবে। যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ইসরায়েলে অভিযান চালানোর জন্য ইরান ও ইয়েমেনকে ধন্যবাদ দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, জায়নবাদী শক্তি ও তাদের লাগামহীন আগ্রাসনই অঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিপজ্জনক প্রতিক্রিয়ার কারণ।
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, তাঁর দেশ ইরানে বেশ কয়েকদিন ধরে অভিযান চালানোর মতো প্রস্তুতি নিয়ে রেখেছে।
ইরান-ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি চান ট্রাম্প
ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আগে থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে অবিলম্বে ‘যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইরান ও ইসরায়েল এখন ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে।’ কারও বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে।
ট্রাম্প আরও লিখেছেন, ‘একটি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। পরিস্থিতি দ্রুত গতিতে এগিয়ে যাওয়া উচিত।’ এর আগে পৃথক এক পোস্টে ট্রাম্প লিখেন, তেল আবিব ও তেহরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে।
যুদ্ধ অবসানের জন্য একটি প্রাথমিক চুক্তি খুব কাছাকাছি আছে বলে গত কয়েক সপ্তাহ ধরে দাবি করছেন ট্রাম্প। কিন্তু এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। সোমবার ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ড সতর্ক করে বলেছে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যেকোনো ধরনের আগ্রাসনের জোরালো জবাব দেওয়া হবে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় খাতাম আল-আম্বিয়ার মুখপাত্র বলেন, যদি আগ্রাসন ও শত্রুতামূলক আচরণ অব্যাহত থাকে, তবে তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
