✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে এক ওডার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হাবে না, এ মর্মে একটি শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশের জবাব দিতে তাদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গত ৯ জুন শোকজ নোটিশের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে জবাববে যে ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল।
তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।
বিপাকে চিকিৎসাধীন ৫০০ রোগী
লাইসেন্স বাতিলের এই ঘোষণার পর আদ্-দ্বীন হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি করা হচ্ছে না।
তবে, বর্তমানে সেখানে প্রায় ৫০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের ভবিষ্যৎ নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৪১৬ জন সাধারণ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া, এনআইসিইউতে ৬০ নবজাতক, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে চারজন রোগী চিকিৎসাধীন। এই বিপুলসংখ্যক রোগীর চলমান চিকিৎসা ব্যবস্থার কী হবে, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমানে হাসপাতালটি সম্পূর্ণ লাইসেন্সবিহীন, তাই এখানে কোনো রোগীর চিকিৎসা নেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, যারা বর্তমানে চিকিৎসাধীন আছেন, তাদের যেন দ্রুত নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তর করা হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তাদের কোনো সহায়তার প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।
অন্যদিকে, আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার আইনি সুযোগ রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত শুধুমাত্র চিকিৎসাধীন রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি সরকার দেবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়।
এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর।
