✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ সার্ভারে হঠাৎ করেই সমস্যা হচ্ছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে সকল পরিষেবা ব্যহত হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে প্রবেশ করতে পারছেন না।
আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।
শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ফেসবুকের সেবায় জটিল সমস্যা শনাক্ত হয়েছে।
ব্যবহারকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে ফেসবুকের নিউজফিড লোড হচ্ছিল না, মেসেঞ্জারে বার্তা পাঠাতে বিলম্ব হচ্ছিল এবং অ্যাপে প্রবেশ করতেও সমস্যা দেখা দিচ্ছিল। যুক্তরাষ্ট্র, ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।
এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।
ডাউন ডিটেক্টরও জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার ব্যাপারে রিপোর্ট করা শুরু করেছেন। ইতিমধ্যে সাড়ে ৭ হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।
অনেক ব্যবহারকারী পুনরায় আর লগইন করতে পারছেন না। অনেকের স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ সমৃদ্ধ বার্তা ভেসে উঠছে।
ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইন্সটাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
কী কারণে এই বিভ্রাট ঘটেছে, তা এখনো জানা যায়নি। কতক্ষণ এ সমস্যা চলবে, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
ফেসবুক ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হয়েছে ফেসবুক। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিভ্রাটের পর রাত আটটা পঁচিশ মিনিটের দিকে ফেসবুক সচল হতে শুরু করে। তবে বেশ কিছু ফিচার এখনো ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে এখনো মেসেঞ্জারে ঢুকতে পারছেন না বলেও জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী।
এর আগে সন্ধ্যা থেকে লগ-ইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আজকের এই কারিগরি বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন—
লগইন সমস্যা: বিপুলসংখ্যক ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন।
পেজ নট অ্যাভেইলেবল: অনেকের স্ক্রিনে একটি ত্রুটি বার্তা বা এরর মেসেজ দেখাচ্ছে, যেখানে লেখা রয়েছে—‘এই পেজটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না’ (This page isn’t available right now)।
কুয়েরি এরর: অনেক ব্যবহারকারী কোনো পেজ বা ফিড লোড করার সময় বারবার ‘কুয়েরি এরর’ (query error) বার্তার সম্মুখীন হচ্ছেন।
