ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগামী ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতা নিয়ে সেনাপ্রধানের পদে আসছেন ধীরাজ শেঠ। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী এবং ভারতীয় সেনাবাহিনীর আর্মার্ড কোরের একজন কর্মকর্তা।

সামরিক জীবনে তিনি মরুভূমি অঞ্চলে একটি রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলে একটি ব্রিগেড এবং জম্মু-কাশ্মীরে একটি সন্ত্রাসবিরোধী বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোরের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধীরাজ শেঠ ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড এবং দক্ষিণাঞ্চলীয় কমান্ড উভয়েরই নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে খুব কম কর্মকর্তাই দুটি পৃথক অপারেশনাল কমান্ড পরিচালনার সুযোগ পেয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়নেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রযুক্তি ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদার সঙ্গে সামরিক সক্ষমতার সমন্বয় সাধনে তিনি কাজ করেছেন বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পেশাগত শিক্ষার ক্ষেত্রেও তিনি বিশেষভাবে প্রশিক্ষিত। তিনি হায়ার কমান্ড কোর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স সম্পন্ন করেছেন।

বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হবেন ধীরাজ শেঠ। অভিজ্ঞ এই সামরিক কর্মকর্তা ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *