রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

দেশের সব ৬৪ জেলাকে রেলসেবার আওতায় আনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ৪৯টি জেলায় রেল যোগাযোগ আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ চালু করা। সেই লক্ষ্যে দেশের নতুন ১০ জেলায় রেল সংযোগ চালুর উদ্যােগ হিসেবে সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে। তার মানে আমরা আরও ১০টি জেলাকে রেল সংযোগের আওতায় আনতে চাই।’

তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন করতে সরকার প্রকল্প গ্রহণ করবে। প্রাথমিকভাবে আমরা ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা একইসঙ্গে রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চাই। যাতে রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল সম্ভব হয়। এর আগে রেল লাইন প্রস্তুত হলেও লোকমোটিভ থাকতো না। আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।’

মন্ত্রী জানান, নতুন করে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে রেল যোগাযোগের আওতায় আনার বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সামগ্রিক রেল যোগাযোগ ব্যবস্থা, চলমান প্রকল্প, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ওই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ রবিউল আলম জানান, আখাউড়া-সিলেট ও সিরাজগঞ্জ-বগুড়া রেল প্রকল্পের পাশাপাশি ধীরাশ্রমে আইসিডি কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। একই সঙ্গে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-সিলেট অংশে বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করতে ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৮০ থেকে ৮২ কিলোমিটার পথ কমে আসবে, ফলে সময় ও ব্যয় উভয়ই সাশ্রয় হবে।

রাজধানীকেন্দ্রিক কমিউটার ট্রেন ব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী জেলার মানুষের কর্মস্থল ও ব্যবসায়িক যাতায়াত সহজ করতে এ ধরনের রেল সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *