ভারতীয় দূতাবাস অভিমুখে আজাদ পার্টির মশাল মিছিল

✍︎ নাগরিক প্রতিবেদক ✍︎

রাজধানীতে অবৈধ পুশ ইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। গুলশান-১ গোলচত্বরে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে বসে বিক্ষোভ করেন মিছিলকারীরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতি রোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুত্তলিকা দাহের পর তাঁরা সড়ক ত্যাগ করেন।

সমাবেশে বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ একাধিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ভারতের পক্ষ থেকে অবৈধভাবে মানুষকে বাংলাদেশে পুশ ইন করার ঘটনা এবং বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এ জন্য তাঁরা সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গত ২০ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ‘জান দেব, জুলাই দেব না’ স্লোগানে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ ঘটে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *