✍︎ টাঙ্গাইল প্রতিনিধি ✍︎
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে মারা গেছেন চারজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার টেলকি জলই গ্রামে।
মৃত ব্যক্তিরা হলেন- গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি এ কে এম ফজলুর হক।
স্থানীয়রা জানান, সকালে একটি ছাগল পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। পরে ছাগলটিকে উদ্ধার করতে প্রথমে গ্রাব্রিয়েল নকরেক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিন্তু তারাও আর বের হয়ে আসেননি।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে ওসি ফজলুর হক জানিয়েছেন, পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে মর্মান্তিক এই ঘটনায় পুরো জলই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুর হক বলেন, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।
