দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

বিবাহিত নারীর আর্থিক অধিকার সুরক্ষায় বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ের জন্য বিস্তারিত নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

তিনি জানান, সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিটের বিষয়ে ব্যারিস্টার ফাহমিদা আখতার বলেন, বিয়ের সময় অনেক ক্ষেত্রে দেনমোহরের একটি অংশ তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হলেও বাকি অংশ পরিশোধ না করার প্রবণতা রয়েছে। বর্তমানে বিয়ের সময় যে পরিমাণ দেনমোহর নির্ধারণ করা হয়, দীর্ঘ সময় পর তা আদায় হলেও অর্থের পরিমাণ অপরিবর্তিত থাকে। ফলে মূল্যস্ফীতির কারণে দেনমোহরের প্রকৃত আর্থিক মূল্য অনেক কমে যায় এবং এর মূল উদ্দেশ্য-বিবাহিত নারীর আর্থিক সুরক্ষা ব্যাহত হয়।

তিনি বলেন, একটি নীতিমালা প্রণয়ন করা হলে বকেয়া দেনমোহর পরিশোধের ক্ষেত্রে সময়ের ব্যবধানে অর্থের প্রকৃত মূল্য বিবেচনায় নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে দেনমোহরের মাধ্যমে নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।

আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারার অধীনে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে বলা হয়েছে, বিবাহের এক বছর পর বকেয়া দেনমোহর পরিশোধের ক্ষেত্রে কীভাবে এর মূল্য নির্ধারণ ও আদায় করা হবে, সে বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। এর মাধ্যমে বিবাহিত নারীর আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *