যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

✍︎ নাগরিক নিউজ ডেস্ক ✍︎

লেবার পার্টির এমপিদের বিপুল সমর্থন পেয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। দলীয় নেতৃত্ব নির্বাচনের প্রথম দফার মনোনয়নে ৪০৩ জন এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পাওয়ায় কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন প্রায় নিশ্চিত।

দলীয় প্রধান পদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী যাতে তার বিরুদ্ধে দাঁড়াতে না পারে, সেজন্য গাণিতিকভাবে ৩২৩ জন এমপির সমর্থন প্রয়োজন। বার্নহাম সেই ম্যাজিক ফিগার থেকে মাত্র একজন এমপির সমর্থনে পিছিয়ে আছেন। অবশ্য বেশ কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ জুলাই) তারা ভোট দিতে না পারলেও পার্লামেন্টে ফিরেই বার্নহামকে সমর্থন দেবেন।

নেতৃত্বের দৌড়ে অংশ নেওয়ার জন্য প্রার্থীদের আগামী বুধবারের মধ্যে ৮১ জন লেবার এমপির সমর্থন জোগাড় করতে হবে। যদি অন্য কেউ এই প্রতিযোগিতায় না নামেন, তবে আগামী সপ্তাহেই বার্নহামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে ও ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। মাত্র কয়েক সপ্তাহ আগে মেকারফিল্ডের উপ-নির্বাচনে জয়ের পর এটি তার জন্য এক অসাধারণ ক্ষমতার উত্থান।

এক বিবৃতিতে বার্নহাম সব এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সমর্থন যুক্তরাজ্যের রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গির যৌথ বিশ্বাসের প্রতিফলন। আমি পাওয়ার অব ওয়েস্টমিনস্টারকে বাইরে নিয়ে আসতে ও সাধারণ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই।

মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় বিপর্যয় এবং বার্নহামের উপ-নির্বাচনে জয়ের পর স্যার কিয়ার স্টারমারকে পদত্যাগের জন্য চাপ দিচ্ছিলেন এমপিরা। বার্নহাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার পদত্যাগ করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বার্নহামের বিজয়ী হওয়ার পথটি বুধবার (৮ জুলাই) আরও সুগম হয়, যখন সাবেক প্রতিরক্ষামন্ত্রী আল কার্নস নিজেকে এই দৌড় থেকে সরিয়ে নেন। বার্নহাম ২০১০ ও ২০১৫ সালে দলীয় প্রধান হওয়ার লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর এবার নিজের মনোনয়ন নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে ‘আশা করি তৃতীয়বারে ভাগ্য খুলবে’ বলে উল্লেখ করেন।

লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে অ্যান্ডি বার্নহাম এখন প্রায় অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে। দলীয় প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে প্রয়োজনীয় ৩২৩ জন এমপির সমর্থনের মধ্যে তিনি ইতোমধ্যে পেয়েছেন ৩২২ জনের সমর্থন। ভোট দিতে না পারা কয়েকজন এমপি পার্লামেন্টে ফিরে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়ায় দলীয় প্রধান এবং যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ওয়েস্টমিনস্টারের বাইরে থাকায় নতুন এমপিদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আগামী সোমবার পার্লামেন্টারি সভায় তাদের প্রশ্নের মুখোমুখি হবেন বার্নহাম। একই সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি অ্যান্টোনিও রোমিওর নেতৃত্বে সিভিল সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সরকারের নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন তিনি। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও তাকে দক্ষ ও যোগ্য নেতা হিসেবে প্রশংসা করেছেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *