ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

✍︎ ফরিদপুর প্রতিনিধি ✍︎ 

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. হেলালউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস বাস রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাতজন।

এদিকে দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। উত্তেজিত জনতা একাধিক যানবাহন ভাঙচুর ও একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ রিপোর্ট লেখা সময় (রাত ৯টা) পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন উত্তেজিত জনতার সামনে ভিড়তে পারে নাই। সড়কের উপর একাধিক যানবাহন আগুনে পুড়ছে। উত্তেজিত জনতা ৩০-৪০টি যানবাহন ভাঙচুর করে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। এছাড়াও নিহত অপর চারজন হলেন- সোয়াদী এলাকার লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেকজনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা  সবাই  সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় হস্তান্তর করা হচ্ছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আহত ছয়জনকে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। ঘটনাস্থলে পাঁচজনের মরদেহ রয়েছে। হাসপাতালে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে। সেখানে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে কয়েকজন।

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, সুয়াদী বাসস্ট্যান্ডে ডিমভর্তি একটি পিকআপভ্যান বৃষ্টির কারণে দুর্ঘটনার শিকার হয়। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপ উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস তাদের চাপা দেয়।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *