চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎

চট্টগ্রাম বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত থাকবে।

তবে চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত অন্যান্য সব শিক্ষা বোর্ডের (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড) পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের পর

এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল (শনিবার) থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের পর আবার বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কারণে এইচএসসি ও সমমানের সোমবারের পরীক্ষা নেওয়া বা স্থগিত করা হবে কি না, সেটা জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল (শনিবার) থেকেই ৬৪ জেলার ডিসি ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসের পর আবার বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ছাড়া ‎কোনো এলাকার পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তী সময়ে নেওয়ার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *