✍︎ কলকাতা প্রতিনিধি ✍︎
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল ‘শিখা ইন’ -এ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজহোল্ডার আবু জাফরকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় তদন্তকারী দল। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এন্টালি থানা এলাকার মেন মার্কেট থেকে আবু জাফরকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জোড়াসাঁকো এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির পরিচালন ব্যবস্থা, লিজসংক্রান্ত নথি ও নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই আবু জাফরের ভূমিকা সামনে আসে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তদন্তের স্বার্থে আরও দুজন হোটেলকর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে একজন উল্টো দিকের ‘যাপন’ হোটেলের ম্যানেজার এবং অন্যজন ওই হোটেলেরই কর্মী। যাপন হোটেলটিরও লিজহোল্ডার আবু জাফর।
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পুরুষ, দুই নারী ও এক শিশুসহ ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক এবং দুজন ভারতীয়।
প্রাথমিকভাবে জানা যায়, এসি মেশিনে বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরে আগুন হোটেলের অন্তত চারটি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার তদন্তে লালবাজারের পক্ষ থেকে বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) গঠন করা হয়েছে। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট)। অগ্নিকাণ্ডের উৎস থেকে শুরু করে ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সব দিক খতিয়ে দেখছে এসআইটি।
এ ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে নিউমার্কেট থানা। অনিচ্ছাকৃত খুনের ধারা ১০৫ (বিএনএস), অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ৬১ (বিএনএস) এবং সমবেতভাবে অপরাধের ধারা ৩/৫ (বিএনএস) অনুযায়ী মামলা করা হয়েছে। দমকল বিভাগের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে।
