✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ভোটের এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর।
ইসি সচিব জানান, জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি- এই তিনজন। আউট অব কান্ট্রি ভোটিং থাকছে এবারও। গত নির্বাচনে বিদেশ থেকে ঠাকুরগাঁও-১ আসন থেকে নিবন্ধিত হয়েছিলেন ৩৮৬ জন, ৩৩টি দেশ থেকে। তার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধিত হয়েছিলেন সৌদি আরব থেকে। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, তার মধ্যে সরকারি চাকরিজীবী ছিল ২ হাজার ৭৩৫।
এর আগে, গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। ওইদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এরই মধ্যে এ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দেলাওয়ার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
এই আসনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী কে হচ্ছেন দলটির পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি। আলোচনায় আছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমীন এবং মেয়ে শামারুহ মির্জা।
