চিরনিদ্রায় শায়িত অপ্রতিম

✍︎ কুমিল্লা প্রতিনিধি ✍︎

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন।

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম।

অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

একাধিক সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততা থাকতে পারে। ওই যুবকই বিকেল থেকে অপ্রতিমের সঙ্গে ছিল। সে পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুইজনকে আটকের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে আজ দুপুর ১২টায় বিস্তারিত জানাবে পুলিশ।

অপ্রতিম হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হতে থাকে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফ্যাস্টুন, প্লেকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ ছাড়া তাদেরকে ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এ সময় শিক্ষার্থীদের অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *