✍︎ নাগরিক প্রতিবেদন ✍︎
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) প্রকাশিত হয়েছে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। এই বিসিএসটি অনুষ্ঠিত হচ্ছে দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে।
পিএসসি সূত্র জানায়, দেশের সরকারি হাসপাতালগুলোতে চলমান চরম চিকিৎসক–সংকট নিরসনে সম্প্রতি বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সুনির্দিষ্ট চাহিদাপত্র ও নির্দেশনা পিএসসিতে এসে পৌঁছায়।
প্রকাশিত এই ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং বাকি ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানো ও চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। সেই লক্ষ্য অর্জনে বাজেটে স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। বাজেটের সেই নীতিগত নির্দেশনার আলোকেই পিএসসি এবার চিকিৎসকদের এই বিশেষ বিসিএস দ্রুততার সঙ্গে চূড়ান্ত করল।
পিএসসি সূত্রে জানা গেছে, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার কোনো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থাকবে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমেই দ্রুত প্রার্থী বাছাই সম্পন্ন করা হবে। এর ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন নেওয়ার শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত।এরপর শুধু ইউজার আই প্রাপ্তরাই পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর (১ সেপ্টেম্বর, ২০২৬)।
